ঢাকা | বঙ্গাব্দ

স্বপ্ন থেকে বাস্তবে: খয়রাবাদে নির্মিত হচ্ছে আড়াই হাজার ফুটের সেতু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 50
স্বপ্ন থেকে বাস্তবে: খয়রাবাদে নির্মিত হচ্ছে আড়াই হাজার ফুটের সেতু ছবির ক্যাপশন : প্রস্তাবিত সেতু
আবু জাফর বিশ্বাস, বরিশালঃ 

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে বরিশালের খয়রাবাদ নদীর ওপর প্রায় আড়াই হাজার ফুট দীর্ঘ আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


সওজ সূত্রে জানা গেছে, সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন সড়ক ও জনপথ সেতু নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় ১২ স্প্যানবিশিষ্ট সেতুটি নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।


প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, মূল সেতুর পাশাপাশি প্রয়োজনীয় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। সেতুটির উচ্চতা হবে ১০ দশমিক ৪০ মিটার এবং প্রস্থ হবে ১২ দশমিক ২০ মিটার। নদীপথে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে মাঝের স্প্যানটি ২৭ মিটার প্রশস্ত রাখা হবে।


সেতুর উভয় প্রান্তে অ্যাপ্রোচ সড়ক, সড়কের বাতি ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করা হবে। ফলে সড়ক ও নৌ—উভয় যোগাযোগ ব্যবস্থার সমন্বয় নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।


প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কার্যক্রমও এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার লক্ষ্য রয়েছে।


বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, “খয়রাবাদ নদীর ওপর এই সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও পরিবহন ব্যয় কমবে। একই সঙ্গে পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।”


স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি

চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি