সিরাজগঞ্জ প্রতিনিধি;
সিরাজগঞ্জ সদর উপজেলার চাকুলী গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশরাফ আলী (৪৮)।
আশরাফ আলী উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চাকুলী গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
লিখিত অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, হকিস্টিক, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতঘরে প্রবেশ করে টিনের বেড়া, দরজা-জানালা , থাই গ্লাস ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার দুই ছেলে আল রাব্বী ও আলরাফীর ঘরে ঢুকে স্টিলের আলমারিতে থাকা দুই পুত্রবধূর ব্যবহৃত প্রায় সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। এছাড়া একটি আলমারিতে রাখা ৩ লাখ টাকা নগদও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
আশরাফ আলীর দাবি, হামলার সময় প্রাণভয়ে তিনি আত্মরক্ষার জন্য সরে যান। একপর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগে মকবুল হোসেন তাং, জাফর সেখ, জুলমাত আলী, সুজন তাং, মিলন সেখ, ইয়াছিন সেখ, হাকিম সেখ, রাকিব সেখ, জাহিদ সেখ, হিলটন তাং, মিঠু তাং ও আনিস তাংয়ের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এএসআই নূর আরশাদ সরকার বলেন, আমি ঘটনাস্থলে পরে আসছি আপনি এস আই সোহাগের সাথে কথা বলেন।