মুকুল হোসেন, সিরাজগঞ্জ।
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেওলিয়াবাড়ি গ্রামে ক্রয়কৃত ২৮ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং সামাজিক সালিশের নামে দুই লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহদত হোসেন ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেওলিয়াবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোঃ শাহদত হোসেন প্রায় দুই বছর আগে তাঁর দুই ফুফুর কাছ থেকে ওয়ারিশসূত্রে পাওয়া ২৮ শতাংশ জমি ক্রয় করেন। জমি কেনার পর প্রায় দেড় বছর তিনি তা ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে তাঁর চাচা মিনহাজ আলী মারা যাওয়ার পর স্থানীয় কয়েকজনের উসকানিতে চাচি মোছা. জোস্না বেগম, তাঁর মেয়ে ও মেয়ের জামাই মোঃ সন্দেস আলীসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শাহদত।
শাহদতের দাবি, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। ওই বৈঠকে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে প্রায় চার মাস পরিবারের চলাচল বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে ধুনট থানা পুলিশের সহযোগিতায় বাঁশের বেড়া অপসারণ করা হলেও স্থানীয় কিছু ব্যক্তি তাঁর পরিবারকে বাইরে গিয়ে কেনাকাটা ও প্রয়োজনীয় কাজ করতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন শাহদত।
তিনি বলেন, আমি একজন সাধারণ গার্মেন্টসকর্মী। জমি কেনার পর থেকেই নানা সমস্যার মধ্যে আছি। সংসারের প্রয়োজনে ঘরের ধান বিক্রি করতে গেলে ভ্যান থেকে ধানের বস্তা নামিয়ে দেওয়া হয়। এভাবে আমার পরিবারকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।
শাহদত আরও অভিযোগ করেন, তাঁদের গ্রামের হবিবুরের ছেলে জাহিদুল, সারিদুলের ছেলে আশিক, কেরামত আলীর ছেলে সোহেল, দেলোয়ার হোসেনের ছেলে মেরাজুল আল আমিনসহ আরও কয়েকজন এসব কর্মকাণ্ডে জড়িত। তাঁর দাবি, স্থানীয় মান্নান মেম্বার ও আইয়ুব আলীর নির্দেশে এসব করা হচ্ছে।
শাহদত বলেন, আমার ছোট ছোট দুটি সন্তান রয়েছে। পরিবার নিয়ে আমি খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
শাহদতের স্ত্রী রেনু খাতুন অভিযোগ করে বলেন, আমার ছোট দুটি সন্তানকেও তারা তুলে আছাড় মেরেছে। সন্তানদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় আছি,আমি গ্রামের মুরুব্বি
নুর মোহাম্মদ নুরুল ইসলাম কে বিষয় টি জানিয়েছি।
উক্ত ঘটনার বিষয়ে নুর মোহাম্মদ নুরুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন শাহদত হোসেন আমাকে ঘটনার বিষয়টি জানানোর পরে আমি তাদের কে বলি কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখায় পরে বিষয়টি অমীমাংসিত রয়েছে।
অভিযোগের বিষয়ে আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শাহদতের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। তবে জমি দখলের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি মূলত শাহদতের স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেন। তাঁর বক্তব্যে জমি-সংক্রান্ত অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এদিকে দুই লাখ টাকা দাবির অভিযোগের বিষয়ে আব্দুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো টাকা চাইনি। এটা মিথ্যা কথা।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি দখলের চেষ্টা, চলাচলে বাধা এবং অন্যান্য অভিযোগের বিষয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই, জমির মালিকানা ও দখলসংক্রান্ত নথিপত্র এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।