আরিফুর রহমান খান বাচ্চু রায়গঞ্জ থেকে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ) সন্ধ্যায় উপজেলার বাঐখোলা গ্রামে আয়োজিত এই সভায় স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মাদককে সমাজ থেকে নির্মূল করার প্রত্যয় নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানুজ্জামান বক্তব্য বলেন, "মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে এবং নিজ নিজ এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।"
সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান উপস্থিত এলাকাবাসীকে মাদকমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে দলীয় বা ব্যক্তিগত মতভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এমন সচেতনতামূলক সভার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।