রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা অঞ্চলের অন্যতম চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সরকার ডায়াগনস্টিক অ্যান্ড নার্সিং হোম নতুন নিজস্ব ভবনে স্থানান্তর উপলক্ষে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য ভি.পি. মো. আয়নুল হক।
নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন ও বর্ধিত পরিসরে নার্সিং হোমটির কার্যক্রম এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার সহকারী পরিচালক জামিল মাদ্রাসা মুফতি মাওলানা মো. আতাউল্লাহ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সামছুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সরকার ডায়াগনস্টিক অ্যান্ড নার্সিং হোমের উত্তরোত্তর সমৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গল এবং চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও আমন্ত্রণে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান সরকার এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক রুবেল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদুল ইসলাম। এ সময় ম্যানেজার রফিকুল ইসলাম বাবুসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জাতীয় সংসদ সদস্য ভি.পি. মো. আয়নুল হকসহ আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সাধারণ মানুষকে নতুন ভবনের বিভিন্ন বিভাগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখানো হয়।
পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।