Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

সংবাদ শিরোনাম : রায়গঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রায়গঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে শামীম আহমেদ লাভলু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ লাভলু গাইবান্ধা জেলার রায়গ্রাম পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শফিকুল ইসলাম দুলুর ছেলে।

স্থানীয়রা জানান, শামীম মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটির রং লাল এবং নাম ‘আর এম স্পেশাল’।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF