Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, গণতন্ত্র-মানবাধিকার ও বিনিয়োগ নিয়ে আলোচনা

মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, গণতন্ত্র-মানবাধিকার ও বিনিয়োগ নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৩০ আগস্ট ২০২৬

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, গণতন্ত্র শক্তিশালীকরণ, মানবাধিকার, সুশাসন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশে নতুন মার্কিন বিনিয়োগের সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টুয়ার্টের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—দলের উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন এবং সহ-সভাপতি আরিফুর রহমান।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করা, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করা এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া আর্ট চুক্তি’ পর্যালোচনাসহ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা, বাণিজ্যিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

গণঅধিকার পরিষদের নেতারা মনে করেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF