রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে আরিফুর রহমান খান বাচ্চু:
দেশব্যাপী প্রধানমন্ত্রী ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খানের নিজস্ব উদ্যোগে ও পরিচালনায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড জুড়ে এই চারা রোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
কর্মসূচির আওতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে মোট ১,৮০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও কবরস্থান প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান বলেন, "পরিবেশ বাঁচান, গাছ লাগান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঘোষিত এই মহান কর্মসূচি সফল করতে আমরা ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের প্রাঙ্গণকে অগ্রাধিকার দিয়ে এই ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করেছি। এই চারাগুলো যেন সঠিকভাবে বড় হতে পারে, সেজন্য সবাইকে যত্নে এগিয়ে আসতে হবে।"
উক্ত পরিবেশবান্ধব কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের এমন চমৎকার ও দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ বাসিন্দারা।