Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : সিরাজগঞ্জে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, চালকসহ নিহত ২

সিরাজগঞ্জে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, চালকসহ নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হন বাসের আরও অন্তত ১০ যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF