মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চর হাসনা গ্রামে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ তুলে সংস্কারকৃত সড়কে ধানের চারা রোপণ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাগবাটি শ্মশানঘাট থেকে চর হাসনা গ্রামের সড়কের কাদাযুক্ত অংশে প্রতীকী প্রতিবাদ হিসেবে ধানের চারা রোপণ করা হয়। পরে "পূর্ণাঙ্গ সংস্কার চাই" স্লোগানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, ২০২৫-২০২৬ অর্থবছরে এমপি বরাদ্দের ৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির আংশিক সংস্কারের কথা থাকলেও নামমাত্র মাটি ফেলে কাজ শেষ করা হয়েছে। এতে রাস্তার পূর্বের অবস্থার চেয়েও চলাচলের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে সড়কজুড়ে কাদা ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়েছে।
প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. অপূর্ব আহম্মেদ, মো. আজিজুল ইসলাম, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম তালুকদারসহ অন্যান্যরা বলেন, বাগবাটি শ্মশানঘাট থেকে চর হাসনা ইছামতী ব্রিজ পর্যন্ত সড়কটি দ্রুত স্থায়ী ও পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, এই মুহূর্তে সরকারি কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।