Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (১৪ জুন) রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সাদেক আলী ওরফে মোকাদ্দেস (৬২), হৃদয় হাসান (২৬), মো. সুজন (৩১), মো. আরিফুল ইসলাম ওরফে সবুজ (৩১) এবং মো. ইমদাদুল হক (৪৩)। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জয়নব খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, সাদেক আলীর বিরুদ্ধে ৫টি, হৃদয় হাসানের বিরুদ্ধে ৭টি, সুজনের বিরুদ্ধে ১৩টি, আরিফুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে ৫টি এবং ইমদাদুল হকের বিরুদ্ধে ৫টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক আলী কামারখন্দ উপজেলার টিটিসি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তিনি নাটোর সুগার মিল, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট কোল্ড স্টোরেজ এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি পলিথিন কারখানাসহ বিভিন্ন স্থানে সংঘটিত ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য দিয়েছেন।

পুলিশ আরও জানায়, হৃদয় হাসান, সুজন ও ইমদাদুল হক এর আগেও নাটোর সুগার মিল, কেশরহাট কোল্ড স্টোরেজ, গোদাগাড়ী ও ধামরাই এলাকায় সংঘটিত ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় ডাকাতি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

তদন্তে জানা গেছে, চক্রটির সদস্যরা নিজেদের নামে ডাউন পেমেন্টে কেনা ছোট পিকআপ ব্যবহার করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করতেন। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বৈদ্যুতিক সাবস্টেশনে ব্যবহৃত তামার তার ও মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যেতেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা কামারখন্দ উপজেলার চৌবাড়ি কৃষ্ণপুর এলাকায় অবস্থিত বন্ধ হয়ে যাওয়া ফেন্সি মিল্ক অ্যান্ড অ্যাগ্রো ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF